স্পেসএক্সকে ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা

৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪  

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের বাজারমূল্য দ্রুত বেড়ে চলেছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে অভ্যন্তরীণ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে, যা কোম্পানিটির মূল্যায়ন প্রায় ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারে। খবর টেকক্রাঞ্চ।

এই মূল্যায়ন গত মাসে ২৫৫ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালের ডিসেম্বরে শেয়ার বিক্রির সময়কার ১৭৫ বিলিয়ন ডলার মূল্যায়নের প্রায় দ্বিগুণ।

স্পেসএক্স সাধারণত বছরে দুইবার টেন্ডার অফারের মাধ্যমে কর্মীদের তাদের শেয়ার বিক্রির সুযোগ দেয়, যা নির্দিষ্ট বিনিয়োগকারীদের জন্য সীমাবদ্ধ থাকে। তবে এই অফারের সাথে থাকে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী।

ব্লুমবার্গের সূত্রে জানা গেছে, নতুন এই অফারের বিষয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত মূল্যসহ অন্যান্য বিবরণ পরিবর্তন হতে পারে। যদি এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয়, তবে এটি স্পেসএক্সকে বিশ্বের সবচেয়ে দামি ভেঞ্চার-সমর্থিত বেসরকারি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ বিষয়ে স্পেসএক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

ডিবিটেক/বিএমটি